সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
মৌসুম না হলেও আগামীকাল সকল গাছে ফুল ফুটবে।
ফুটতে হবে। এ আমার অপরিহার্য নির্দেশ।
ফল ফুলহীন নিরস কিংবা রুক্ষ অসজ্জিত
এমন কোনো গাছ থাকবে না সড়কের কোনো পাশেই।
পুরো ঢাকা চট্টগ্রাম মহা সড়কে বিছানো থাকবে
কারুকার্য খচিত নতুন গালিচা;
কর্ণফুলী নদীকে আদেশ করছি শান্ত থাকতে।
পৃথিবীর সকল সুরেলা কন্ঠের পাখিগুলো
আগামীকাল সারিবদ্ধ থাকবে আমার দু-পাশে।
কিশোর কিশোরীদের হাতে থাকবে পুষ্পমাল্য
আর তাদের কোমল চোখে মুখে পরমানন্দ।
না রোদ থাকবে ভীষণ, আর না অতি বৃষ্টি।
না ঘামের গরম, আর না কুঁকরে যাওয়া শীত।
আগামীকাল লাভ লোভ কোনোকিছু না ভেবে
সাধারণ ছুটি ঘোষণা করা হলো এই রাজনৈতিক যুদ্ধ লিপ্ত দেশে।
আগামীকাল সবাই ভালো খাবে,
ভালো পরবে এবং ভালো ভাববে।
আগামীকাল আমি আমার প্রিয়তমাকে দেখবো।
আমার প্রেমের জন্য হলেও সবাইকে ভালো দেখতে চাই!
চারপাশ চোখ জুড়ানো রাখতে চাই।
এ আমার প্রেমময় নির্দেশ।
অমান্য করলেই ভয়াবহ দন্ড!
মানুষ কিংবা গাছ, ফুল অথবা আকাশ
সবার জন্য প্রযোজ্য।
৭ সেপ্টেম্বর ২০২৬
গাঢ় অপেক্ষার হালকা ভোর
আগ্রাবাদ মোড়, চট্টগ্রাম
আপনার মন্তব্য প্রদান করুন...