সুফিয়া বেগম
আশাবাদী মানুষ
একটি আলোকিত বিকেল শেষে
প্রতিদিন বিষন্ন সন্ধ্যা নামে এই জনপদে
তখন দিনমানের হিসেবের ঝাঁপি নিয়ে বসে
কিছু আশাবাদী মানুষ—
চোখগুলো তাদের চকচকে উজ্জ্বল
মনজুড়ে প্রত্যাশা প্রবল
কিন্তু কিছুই খুঁজে পায়না ওরা
শুধু একরাশ নিরাশার আঁধার এসে
চেপে বসে ওদের চারপাশে
তবুও হতাশ হয়না ওরা, অপেক্ষায় থাকে—
সময় গড়ায়, চাঁদ ওঠে আকাশে
রূপোলি জোছনায় স্নান করে ওরা
মনের সবটুকু মলিনতা ভাসিয়ে দিয়ে
তারপর খুলে বসে আরেকটি হিসেবের ঝাঁপি
আগামিকালের গুটি সাজায় নতুন প্রত্যাশায়
যেমন করে শূন্য পাত্রে সুরা ঢালে
রাতে তৃষ্ণাতুর অতিথি—
কিন্তু আগামিকালটাও কাটে ওদের
একই গতিময়তায়
নতুন কোনো উচ্ছাসের খবর আসেনা
ওদের জীবনে।
এমনি করে দিনান্তের হিসেবে
প্রতিদিন পরাজিত হতে হতে
এক সময় পাল্টে যায় ওদের যাপনের ছবি
কোনো কিছুর প্রত্যাশা তখন
আলোড়িত করেনা ওদেরকে
তখনই ওদের পরিচয় হয়
ওরা ভাগ্য বিড়ম্বিতা।
আপনার মন্তব্য প্রদান করুন...